• ই-পেপার

মার্কিন কম্পানিগুলো কি ফেরত পাবে ১৭৫ বিলিয়ন ডলার

<li>শুল্ক বাবদ যে অর্থ ট্রাম্প নিয়েছেন তা ফেরত দেওয়ার ব্যাপারে আগামী পাঁচ বছর আদালতেই থাকার কথা জানালেন ট্রাম্প</li>

সবজি-শুঁটকির ব্যবসা থেকে বিশ্বের ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং

বাণিজ্য ডেস্ক
সবজি-শুঁটকির ব্যবসা থেকে বিশ্বের ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং

১৯১০ সালে ধনী জমিদার পরিবারে জন্ম নেন স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি বাইয়ং-চুল। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়া এক শিক্ষার্থী। ১৯৩০ সালে টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট করেন। তবে এর ৪০ বছর পর দক্ষিণ কোরিয়ার অন্যতম সফল ব্যবসায়ী হিসেবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় তাঁকে। ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজ থেকেও সম্মানসূচক ডিগ্রি অর্জন করেন লি।

৮৮ বছরের পুরনো কম্পানি স্যামসাং এখন বিশ্বের ৭৪টি দেশে ব্যবসা করছে। বিশ্বজুড়ে কম্পানিটির দুই লাখ ৬৭ হাজার ৮৬০ জন কর্মী রয়েছে। গত বছর ২৩৩.৭ বিলিয়ন ডলার আয় করে তারা। এতে সবচেয়ে বড় অবদান রাখে স্যামসাংয়ের এআইসংবলিত হাই এন্ড স্মার্টফোন ও সেমিকন্ডাক্টর।

 

সবজি-শুঁটকির ব্যবসা থেকে বিশ্বের ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাংশুরুতে বিক্রি হতো শুঁটকি ও নুডলস

১৯৩৮ সালে লি বাইয়ং-চুল যখন স্যামসাং প্রতিষ্ঠা করেন তখন তাঁর বয়স ২৮ বছর। সে সময় কম্পানিটির নাম ছিল স্যামসাং সাংহো। কম্পানিটিতে তখন কর্মী ছিল ৪০ জন। বিক্রি করা হতো চাল, সবজি, শুঁটকি ও নুডলসের মতো খাদ্যপণ্য। পরবর্তী সময়ে পরিবহন ও রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করে স্যামসাং। ১৯৪৫ সাল নাগাদ কম্পানিটি পুরো দক্ষিণ কোরিয়ায় পণ্য সরবরাহ করত। ১৯৪৭ সালে কম্পানিটি দক্ষিণ কোরিয়ার গিয়ংসাং প্রদেশ থেকে রাজধানী সিউলে স্থানান্তর করেন লি। সেখানে চালু করেন সুগার মিল ও টেক্সটাইল কম্পানি। সে সময় কম্পানিটির নাম পরিবর্তন করে রাখা হয় স্যামসাং ট্রেডিং করপোরেশন।

 

বিশ্বের পঞ্চম সেরা ব্র্যান্ড

স্যামসাং ইলেকট্রনিকস পণ্য উৎপাদন শুরু করে ১৯৬৯ সালে। কোরিয়া সেমিকন্ডাক্টর কম্পানি অধিগ্রহণের মাধ্যমে তারা ১৯৭৪ সালে সেমিকন্ডাক্টর ব্যবসা বড় করে। দক্ষিণ কোরিয়ায় সর্বপ্রথম সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা নির্মাণ করেছিল কোরিয়া সেমিকন্ডাক্টর। দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকায় তারা স্যামসাংয়ের কাছে ব্যবসা বিক্রি করে দিতে বাধ্য হয়।

১৯৮৭ সালের নভেম্বরে সিউলে লি বাইয়ং-চুলের মৃত্যু হয়। এরপর লি বংশের পরবর্তী প্রজন্মের সদস্যদের হাত ধরেই বিশ্বের পঞ্চম সেরা ব্র্যান্ডে পরিণত হয় স্যামসং।

 

টিভির বাজারে শীর্ষে স্যামসাং

বর্তমানে গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের পাশাপাশি ওয়াশিং মেশিন, টিভি, কম্পিউটার, সাউন্ডবার ও ফ্রিজ তৈরি করে থাকে স্যামসাং ইলেকট্রনিকস। এ ছাড়া তারা লিথিয়াম আয়ন ব্যাটারি, সেমিকন্ডাক্টর, ইমেজ সেন্সরস, ক্যামেরা মডিউল ও ডিসপ্লে বানিয়ে থাকে। এসব ইলেকট্রনিক উপাদানের ক্রেতা অ্যাপল, সনি, এইচটিসি ও নোকিয়া। ২০২৫ সালের হিসাবে কম্পানিটির ব্র্যান্ড ভ্যালু দাঁড়ায় ৯ হাজার ৫০ কোটি ডলার। বিশ্ব টিভির বাজারে স্যামসাং শীর্ষে রয়েছে। ২০০৬ সাল থেকেই বিশ্বের সবচেয়ে বড় টিভি নির্মাতা কম্পানি স্যামসাং। ২০২৫ সালের হিসাবে তাদের মার্কেট শেয়ার ২৯.৮৯ শতাংশ।

 

স্যামসাং বাংলাদেশ

দেশে স্যামসাংয়ের পণ্য পাওয়া যাচ্ছে আশির দশক থেকে। ২০০৯ সালে ঢাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিজেদের ব্র্যান্ড অফিস চালু করে। স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ (এসআরবিডি) প্রতিষ্ঠা করা হয় ২০১১ সালের ফেব্রুয়ারিতে। স্যামসাংয়ের আগে কোনো বহুজাতিক কম্পানি বাংলাদেশে আরঅ্যান্ডডি সেন্টার স্থাপন করেনি। ২০১৮ সালে ফেয়ার ইলেকট্রনিকসের সঙ্গে অংশীদারি করে নরসিংদীতে প্রথম কারখানা স্থাপন করে স্যামসাং। কারখানাটিতে গ্যালাক্সি নোট ১০ সিরিজ সংযোজন করা হয়। ফোনগুলো বাজারে আসে ২০২০ সালের জানুয়ারিতে। পুরোপুরিভাবে স্যামসাং ফোনের উৎপাদন শুরু হয় ২০২০ সালের শেষ দিকে।

সূত্র : এসিও ডটকম, স্যামসাং রিসার্চ

কার্যকর থাকবে ১৫০ দিনের জন্য

ট্রাম্পের নতুন ১৫% শুল্ক কার্যকর ২৪ ফেব্রুয়ারি থেকে

মার্কিন সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক বাতিল করার পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বাণিজ্য ডেস্ক
ট্রাম্পের নতুন ১৫% শুল্ক কার্যকর ২৪ ফেব্রুয়ারি থেকে

মার্কিন সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক বাতিল করার পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে  তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার নতুন করে ১৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়ে তিনি পূর্বের শুল্ক কিভাবে পূনস্থাপন করা যায় তা নিয়েও তদন্তের নির্দেশ দেন।

এদিকে গত শুক্রবার পণ্য আমদানিতে ট্রাম্প নতুন করে ১০ শতাংশ শুল্ক কার্যকর করার জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। কার্যকর হবে আগামী ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে। শুল্ক কার্যকর থাকবে ১৫০ দিনের জন্য। তবে এবার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারা অনুযায়ী ট্রাম্প শুল্ক আরোপ করলেন। এ আইন অনুযায়ী, দেশের বাণিজ্যঘাটতি মোকাবেলায় প্রেসিডেন্ট সাময়িকভাবে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন।

এর আগে ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) ব্যবহার করে শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে গত শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, আইনটি প্রেসিডেন্টকে এ শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। এ কারণে ওই শুল্ককে অবৈধ ঘোষণা করে রায় দেওয়া হয়।

বিশ্লেষকরা বলছেন, আদালতের রায়ে আগের শুল্কব্যবস্থা ভেঙে পড়লেও নতুন কৌশলে ট্রাম্প তাঁর বাণিজ্যযুদ্ধ চালিয়ে যাওয়ার পথ প্রশস্ত করলেন।

ট্রাম্পের নতুন ১৫ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদার দেশের ওপর কার্যকর হবে। তবে মেক্সিকো ও কানাডা থেকে আসা যেসব পণ্য উত্তর আমেরিকার মুক্তবাণিজ্য চুক্তির (ইউএসএমসিএ) শর্ত মেনে চলে, সেগুলো এ শুল্কের আওতামুক্ত থাকবে। এ ছাড়া ওষুধশিল্প, অ্যারোস্পেস পণ্য, যাত্রীবাহী গাড়ি, হালকা ট্রাক এবং নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ খনিজ ও কৃষিপণ্য এ তালিকার বাইরে রাখা হয়েছে।

এদিকে সুপ্রিম কোর্ট আগের শুল্ককে অবৈধ ঘোষণা করায় এখন আমদানিকারকদের থেকে শুল্ক বাবদ আদায় করা শত শত কোটি ডলার নিয়ে প্রশ্ন উঠেছে।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্কলন অনুযায়ী, এ রায়ের ফলে প্রায় ১৭ হাজার ৫০০ কোটি ডলার ফেরত দিতে হতে পারে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এ অর্থকে ‘অবৈধ অর্থ ছিনতাই’ উল্লেখ করে তা অবিলম্বে সুদে-আসলে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। তবে ট্রাম্প বলেছেন, এ অর্থ ফেরত দেওয়া হবে কি না তা নিয়ে বছরের পর বছর মামলা চলবে।

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বজুড়ে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। কানাডীয় চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ক্যান্ডাস লেং বলেন, ‘কানাডার উচিত আরো কঠোর বাণিজ্যিক চাপের জন্য প্রস্তুত থাকা।’ ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনও নতুন পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে।

আদালতের রায়ের ফলে যুক্তরাষ্ট্রের রাজস্ব খাতে খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর মতে, আগের শুল্ক বাতিল হওয়ায় যে ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল, নতুন শুল্ক আরোপের ফলে তা লাঘব হবে। ব্যাবসায়িক গোষ্ঠীগুলো আদালতের রায়কে স্বাগত জানালেও ট্রাম্পের পাল্টা পদক্ষেপে তারা এখন নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে।
সূত্র : রয়টার্স

 

শুল্ক বাতিলের কী প্রভাব বিশ্ব অর্থনীতিতে

মুহাম্মদ শরীফ হোসেন
শুল্ক বাতিলের কী প্রভাব বিশ্ব অর্থনীতিতে

মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত পাল্টা শুল্ক বাতিল করার গত শুক্রবার এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে উত্থান দেখা যায়, এতে স্বস্তি ফেরে কম্পানিগুলোর মধ্যে। কিন্তু সেই স্বস্তি মেলাতে সময় লাগেনি। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে নির্বাহী আদেশে বিশ্বের সব দেশের পণ্যে ১০ শতাংশ নতুন শুল্ক আরোপ করেছেন। সেই সঙ্গে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আগের শুল্ক কিভাবে পুনঃস্থাপন করা যায় তা খতিয়ে দেখার জন্য। ফলে বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা বাড়বে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

শুক্রবার উত্থান দেখা গেলেও শনি ও রবিবার শেয়ারবাজার বন্ধ থাকায় বাজারের প্রতিক্রিয়া বুঝতে আরো এক দিন অপেক্ষা করতে হবে।

বিশ্লেষকরা বলছেন, এতে বৈশ্বিক অর্থনীতির জন্য তাৎক্ষণিক স্বস্তি খুব কমই মিলবে। বরং ব্যবসা-বাণিজ্যে বিভ্রান্তি বাড়বে। কারণ ট্রাম্প বাতিল হওয়া বৈশ্বিক শুল্কের পরিবর্তে অন্য উপায়ে নতুন শুল্ক আরোপের চেষ্টা করবেনএমন সম্ভাবনাই বেশি। সেই ঘোষণা তিনি দিয়েছেনও।

ফলে এসব নিয়ে অনিশ্চয়তার তালিকা দীর্ঘট্রাম্প নতুন কী ধরনের শুল্ক আরোপ করবেন, বাতিল হওয়া শুল্কের অর্থ ফেরত দেবেন কি না এবং যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে শুল্কের প্রভাব কমানোর চেষ্টা করেছিল, সেগুলো পুনরায় আলোচনায় আসবে কি না।

ইউরোপীয় পলিসি সেন্টারের বিশ্লেষক ভার্গ ফোকম্যান বলেন, আমার মনে হয়, বিশ্ব বাণিজ্যে আবারও বড় অনিশ্চয়তার সময় শুরু হবে, কারণ সবাই বোঝার চেষ্টা করবে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ শুল্কনীতি কী হবে। শেষ পর্যন্ত চিত্রটি প্রায় একই রকমই থাকবে।

আইএনজি ব্যাংকের অর্থনীতিবিদরাও একমত। তাদের মতে, কাঠামো ভেঙে পড়েছে, কিন্তু ভবন এখনো নির্মীয়মাণ। আজকের রায় যেমনই হোক, শুল্ক থাকবেই।

শুক্রবারের রায়টি কেবল সেই শুল্কগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলো ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা আইনের আওতায় আরোপ করেছিলেন। এ পর্যন্ত এসব শুল্ক থেকে আনুমানিক ১৭৫ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব এসেছে।

বাণিজ্যনীতি নিরীক্ষা সংস্থা গ্লোবাল ট্রেড অ্যালার্টের হিসেবে, এই রায়ের ফলে বাণিজ্যে গড় মার্কিন শুল্কহার ১৫.৪ শতাংশ থেকে কমে ৮.৩ শতাংশে নেমে আসবে, অর্থাৎ প্রায় অর্ধেক। যেসব দেশের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ ছিল, তাদের ক্ষেত্রে পরিবর্তন আরো নাটকীয়।

দ্বিপক্ষীয় চুক্তি ভেঙে যেতে পারে : আদালতের রায়ের পর কেউই মনে করছেন না যে এ অবস্থা স্থায়ী থাকবে। ট্রাম্প প্রশাসন আগেই জানিয়েছে, তারা অন্য আইনি পথ ব্যবহার করে পুনরায় শুল্ক আরোপ করতে পারে। একই সময়ে প্রায় দুই ডজন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করেছিল, যার মাধ্যমে শুল্ক নির্ধারণ ও কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের অঙ্গীকার করা হয়েছিল। এখন তারা বিবেচনা করবে, এই রায় তাদের চুক্তি পুনরায় আলোচনার সুযোগ দেয় কি না। ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটির চেয়ার বারন্ড ল্যাঙ্গে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি অনুমোদন নিয়ে আইন প্রণেতারা সোমবার থেকেই পদক্ষেপ নেবেন। তিনি বলেন, সীমাহীন ও ইচ্ছামতো শুল্ক আরোপের যুগ হয়তো শেষের দিকে। এখন আমাদের রায় ও এর প্রভাব সতর্কভাবে মূল্যায়ন করতে হবে।

এদিকে যুক্তরাজ্য জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সম্মত ১০ শতাংশ ভিত্তি শুল্কের আওতায় তাদের বিশেষ বাণিজ্যিক অবস্থান অব্যাহত থাকবে বলে তারা আশা করছে।

ব্রুগেল থিংকট্যাংকের গবেষক নিকলাস পয়তিয়ার্স উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে এখনো অনেক রাজনৈতিক প্রশ্ন রয়ে গেছে। তাঁর মতে, এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে চুক্তিটি ভেঙে যেতে পারে।

নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক দেশই ট্রাম্পের শুল্কের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছিল এবং এর বড় অংশের চাপ শেষ পর্যন্ত আমেরিকানদের ওপরই পড়ছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের সাম্প্রতিক বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩.৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে, যা তারা স্থিতিশীল বলে উল্লেখ করেছে।

অনিশ্চয়তায় এশিয়ার দেশগুলো : মার্কিন আদালতের রায় এবং ট্রাম্পের প্রতিক্রিয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে এশিয়ার ব্যবসা-বাণিজ্যে। জাপান জানিয়েছে, তারা রায় ও ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া সতর্কভাবে পরীক্ষা করবে।

চীন ২০২৫ সালে প্রায় ১.২ ট্রিলিয়ন ডলারের রেকর্ড বাণিজ্য উদ্বৃত্তের কথা জানিয়েছে। যেখানে তারা যুক্তরাষ্ট্রের বাইরের বাজার থেকে বড় সাফল্য পেয়েছে। শুল্ক নিয়ে দেশটি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে হংকংয়ের এক জ্যেষ্ঠ আর্থিক কর্মকর্তা পরিস্থিতিকে একটি বিশৃঙ্খলা বলে উল্লেখ করেন।

হংকং জানিয়েছে, তাদের পৃথক কাস্টমস অঞ্চলের মর্যাদা তাদের মূল ভূখণ্ড চীনের ওপর আরোপিত শুল্কের সরাসরি প্রভাব থেকে কিছুটা সুরক্ষা দিয়েছে। তাইওয়ান সরকার জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে, যাতে বাস্তবায়ন প্রক্রিয়া বোঝা যায়।

বিশ্লেষকদের মতে, সর্বোচ্চ আদালতের এই রায় ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতির বিরুদ্ধে গেলেও বৈশ্বিক অর্থনীতির জন্য বড় কোনো স্বস্তি বয়ে আনবে না। বরং নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে, কারণ ট্রাম্প রায় এড়াতে অন্য আইনি পথ খুঁজতে পারেন।

থাইল্যান্ডের বাণিজ্যনীতি ও কৌশল দপ্তরের প্রধান নানতাপং চিরালারসপং বলেন, অনিশ্চয়তার কারণে রপ্তানিকারকরা আগেভাগে পণ্য পাঠাতে শুরু করতে পারে, যা সাময়িকভাবে তাদের রপ্তানিকে সুবিধা দিতে পারে।

রয়টার্সের অনুসরণ করা করপোরেট তথ্য অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের শুরুতে শুল্ক বৃদ্ধির ফলে এশিয়ার বহু প্রতিষ্ঠান আর্থিক ক্ষতি, সরবরাহ শৃঙ্খলে পরিবর্তন এবং বাজার থেকে সরে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সূত্র : রয়টার্স

পুঁজিবাজারে সপ্তাহে লেনদেন বাড়ল ৬৫%

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে সপ্তাহে লেনদেন বাড়ল ৬৫%

দেশের পুঁজিবাজারে জাতীয় নির্বাচনের পর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকে রেকর্ড উত্থান দেখা গেছে। এদিন প্রায় ২০১ পয়েন্ট বেড়েছিল সূচক। তবে এরপর টানা চার কার্যদিবসে সূচক নিম্নমুখী ছিল। এ সময়ে সূচক ১৩৪.৭৩ পয়েন্ট কমেছে। সব মিলিয়ে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১.২২ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬৪.৫১ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৬৫.৯৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল পাঁচ হাজার ৪০০ পয়েন্ট। নির্বাচিত কম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩৮.৯৩ পয়েন্ট বেড়ে দুই হাজার ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল দুই হাজার ৫৯ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে সামান্য কমে এক হাজার ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল এক হাজার ৯৭ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৯টি কম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত ছিল ৩৩টির। আর লেনদেন হয়নি ২৪টির।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড়ে এক হাজার ৫০ কোটি চার লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৬৩৮ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬৪.৫১ শতাংশ।

খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে ব্যাংক খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২০.৬২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। ১৬.৩১ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। তৃতীয় অবস্থানে থাকা বস্ত্র খাতের দখলে ছিল লেনদেনের ১০.২১ শতাংশ। সাধারণ বীমা খাত ৮.৩১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ৭.৯৫ শতাংশ।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে ২.০৯ শতাংশ বেড়ে ১৫ হাজার ৩৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৫ হাজার ৩৪ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ১.৬৯ শতাংশ বেড়ে ৯ হাজার ৪৩০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ২৭২ পয়েন্ট।