বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীরা ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনলাইন আবেদনের শেষ সময় ছিল ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সময়সীমা বাড়ানো হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিন অধিদপ্তরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট) শূন্য পদের তথ্য দেওয়া হয়েছে। তাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ১৪০টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি। তিন অধিদপ্তরের সর্বমোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯৯।
কিভাবে আবেদন করবেন
বিজ্ঞপ্তিতে পরীক্ষার আবেদনপত্রের লিংক দেওয়া হয়েছে। ওয়েবসাইটে ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি পাবেন এই ওয়েবসাইটে ।
নিয়োগ পরীক্ষার নম্বর বণ্টন, পরীক্ষার বিষয়, সময় ও যোগ্যতা বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি পাবেন এই ওয়েবসাইটে।






