ঢাকা বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত হয় বিশেষ মুক্ত আলোচনা। তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা আন্দোলনে মহান নায়কদের বীরত্ব ও অবদান, শুদ্ধ বাংলা ভাষা ও সাহিত্য চর্চা, বাংলা ভাষাকে বৈশ্বিকায়ন করা, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলা ভাষার অবস্থান এবং ভাষাকে বিকৃতির হাত থেকে রক্ষা করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনাসভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আব্দুল মমিন, রিয়াদুস সালেহীন, প্রিয়া আক্তার, হানিফ আলী, শারমিন, শিরিন আক্তার, সামিয়া তাসনিম, রওশন ইসলাম, শাকিল মিয়া, ফরহাদ আহমেদ, কেন্টন চাকমা, রিপন মিয়া, রাজিব সরকার, ফারিহা, মেহেদি, মারিয়া খাতুন, সানজিদা আকতার, মুসলেমিনা সুলতানা, শাহিদা আক্তারসহ শতাধিক শিক্ষার্থী।

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
ভাষার মাস ফেব্রুয়ারিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে রূপগঞ্জ থানা শাখার তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারাব বিশ্বরোড এলাকার শহীদ মিনারে পরিচ্ছন্নতা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করা হয়েছে। সম্প্রতি এক সকালে সোনালি রোদ গায়ে লাগার সঙ্গে সঙ্গেই একদল তরুণ পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে হাজির হয় শহীদ মিনারে। কারো হাতে ময়লা পরিষ্কারের ব্যাগ, কারো হাতে পানির পাত্র। সবার একটিই লক্ষ্য ভাষাশহীদদের স্মৃতিবিজড়িত এই স্থানটিকে পরিচ্ছন্ন করা। আয়োজকরা বলেন, ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ মিনার পরিচ্ছন্ন রাখা মানে আমাদের ইতিহাস ও আত্মপরিচয়কে সম্মান করা। তরুণদের এই উদ্যোগ প্রমাণ করে দেশ, ভাষা ও ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের ভালোবাসা এখনো অটুট।

বান্দরবান
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের প্রত্যয়ে ‘মায়ের কথা, আমার ভাষা’ শিরোনামে এক ব্যতিক্রমী আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ, বান্দরবান জেলা শাখা। পার্বত্য জনপদের ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাতে এই আয়োজনে অংশ নেন জেলার ১২টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। আয়োজকরা বলেন, অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তা ও ভাষাভিত্তিক স্বাতন্ত্র্য রক্ষাসহ সব সংগ্রাম ও আন্দোলনের উৎস এবং প্রেরণা। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় এক ঐতিহাসিক স্বীকৃতি। পার্বত্য চট্টগ্রামে ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি বাঙালিদের মিলেমিশে বসবাস। নৃগোষ্ঠীগুলোর মধ্যে উল্লেখযোগ্য চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, খেয়াং, লুসাই, বম, ম্রো, খুমি, চাক ও পাংখোয়া সম্প্রদায়। প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাষা ও বৈচিত্র্যময় সংস্কৃতি, যা বাংলাদেশের সামগ্রিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। মায়ের ভাষা আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে। যে জাতি তার ভাষাকে সম্মান করতে জানে না, সে জাতি তার ইতিহাস ও সংস্কৃতিকেও হারিয়ে ফেলে। পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর ভাষা আমাদের জাতীয় ঐক্যের শক্তি। ভাষা সংরক্ষণ মানে কেবল শব্দ রক্ষা নয়, এটি আমাদের আত্মমর্যাদা, সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রকাশ। আমরা চাই, নতুন প্রজন্ম নিজেদের মাতৃভাষায় কথা বলুক, লিখুক এবং গর্ব অনুভব করুক।

মণিরামপুর, যশোর
পয়লা ফেব্রুয়ারি সকালে মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ বেদিতে অনুষ্ঠিত হয় আবেগঘন স্মরণানুষ্ঠান। ভাষার গান, কবিতা আবৃত্তি ও হৃদয়স্পর্শী বক্তব্যে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উপস্থিত সবাই গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মহান আত্মত্যাগীদের, যাঁদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষা বাংলা। মণিরামপুর উপজেলা শাখার সভাপতি এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশ। আলোচনা পর্বে বক্তব্য দেন শিল্পী সঞ্জয় মল্লিক, দ্বীপজয় বিশ্বাস, কাঞ্চন ঘোষাল, বাপন সরকার, রামপ্রসাদ টুটুল, নূপুর মল্লিক, ডা. হাবিবুর রহমান ও অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফেব্রুয়ারি আমাদের স্মরণ করায় বায়ান্নর ভাষা আন্দোলন। বাতাসে যেন রক্তলাল রাজপথের গন্ধ। মনে ভাষা শহীদদের আত্মত্যাগ ও মাতৃভাষার প্রতি দায়বদ্ধতা। চারদিকে ব্যানার, পোস্টার, স্লোগান, আবৃত্তি আর ভিন্নধর্মী সব স্মৃতিচারণা। বসন্তের বিকেলে ভাষার শিকড়ে ফেরার তীব্র আকাঙ্ক্ষা। ভাষার মাসকে স্মরণীয় করতে বাংলা বর্ণমালা শুদ্ধ উচ্চারণ প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই আয়োজন করা হয়। কবি অতুল প্রসাদ সেনের গান ‘মোদের গরব মোদের আশা; আ-মরি বাংলা ভাষা’ লেখা একটি ব্যানারে সাজানো হয় মঞ্চ। ধানের শুকনা খড়ের ওপর লাগানো হয় ককশিটের তৈরি বাংলা বর্ণগুলো। রঙিন এই বর্ণগুলো যেন ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি তুলে ধরে বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তুলেছে।

বারেক টিলা বসুন্ধরা শুভসংঘ স্কুল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বারেক টিলা বসুন্ধরা শুভসংঘ স্কুলে স্থায়ী শহীদ মিনার নেই। ভূমি থেকে ৪০০ ফুট উঁচু ৩৬৫ একর বিস্তৃত যাতায়াতে দুর্গম বারেক টিলাটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এই বিদ্যালয় এলাকার কয়েক কিলোমিটারের মধ্যেও কোনো শহীদ মিনার নেই। রাত পোহালেই একুশে ফেব্রুয়ারি। বসুন্ধরা শুভসংঘ স্কুলের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকদের সহায়তা নিয়ে বাঁশ, রশি ও কাগজ দিয়ে নিজ হাতে তৈরি করল প্রাণের শহীদ মিনার। দৃষ্টিনন্দন এই টিলায় বসুন্ধরা শুভসংঘ স্কুল মাঠে নিজ হাতে গড়া অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। বিদ্যালয়টিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি মিলে শতাধিক ছাত্র-ছাত্রী প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করছে। তারা শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি দিতে চায়, ভোরে প্রভাতফেরিও করবে। করবে গান ও কবিতা আবৃত্তি। এ জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে শহীদ মিনার চায়। শিক্ষার্থীদের দাবি ও শিক্ষকদের আগ্রহে সবাই মিলে বিদ্যালয়ের মাঠে বাঁশ, রশি ও কাগজ দিয়ে তৈরি করে অস্থায়ী এই শহীদ মিনার। বারেক টিলা এলাকাটি অর্থনৈতিকভাবে ও শিক্ষায় পিছিয়ে পড়া অঞ্চল। টিলায় ৬৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার বসবাস করে। বিদ্যালয় এলাকার আশপাশে আরো শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের বসবাস। স্থানীয় বাঙালিদের চেয়ে সাংস্কৃতিক কার্যক্রমে ওরা অনেক অগ্রসর। তারা টিলার আদি বাসিন্দা। শহীদ মিনার তৈরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিশুদের আগ্রহ বেশি ছিল।

দিনাজপুর সরকারি কলেজ
‘ইট-পাথরের গাঁথুনি নয়, এ আমাদের আত্মপরিচয়ের স্তম্ভ’ ভাষাশহীদদের অমর স্মৃতির প্রতীক শহীদ মিনারকে ঘিরে বাঙালির আবেগ, গর্ব ও ভালোবাসা চিরন্তন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করল বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখা। সম্প্রতি এক সকালে পরিচ্ছন্নতার সরঞ্জাম হাতে নিয়ে শহীদ মিনারে হাজির হন শুভসংঘের বন্ধুরা। ঝাড়ু, ব্রাশ ও পানি দিয়ে ধুয়ে-মুছে পরিপাটি করে তোলা হয় পুরো এলাকা। সবার একটিই লক্ষ্য ভাষাশহীদদের স্মৃতিবিজড়িত এই স্থানকে নতুন করে সাজানো। পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুত্ফর রহমান। তিনি শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘খুব সুন্দর একটি উদ্যোগ। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করে। বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ।’ এ সময় উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাহতাবুল হক, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি অরুপ কুমার রায়সহ অন্য সদস্য বন্ধুরা।




