রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আবু নাসের শাহ মাহবুবার রহমানের গাড়ি আটকে হামলা ও মব সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুজনকে আটক করলেও পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এসে তাদের একজনকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়কের সরেয়ার তল এলাকায় এ ঘটনা ঘটে।
আবু নাসের শাহ মাহবুবার রহমান জানান, তিনি জানাজায় যাওয়ার পথে সরেয়ার তল এলাকায় পৌঁছলে এনসিপির কয়েকজন কর্মী তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে পথরোধ করেন। এক পর্যায়ে তাঁরা চালকের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেন এবং তাঁকে উদ্দেশ করে বিভিন্ন ট্যাগ দিয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁরা হামলা করেন এবং মব সৃষ্টির চেষ্টা করেন।
তিনি বলেন, ‘গাড়িটি আমার নিজস্ব এবং নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত। এর পরও আমি কেন বাইরে বের হয়েছি, তা নিয়ে তারা উত্তেজনা সৃষ্টি করে। স্থানীয় লোকজন আমাকে চিনতে পেরে এগিয়ে না এলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় সড়কের আশপাশে লোকজন জড়ো হতে থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। এক পর্যায়ে স্থানীয়রা দুজন মব সৃষ্টিকারীকে আটক করে রাখে। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটক একজনকে নিজেদের হেফাজতে নেয়। অন্যজনকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর থেকে সরেয়ার তল ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে জনতার কাছ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


