• ই-পেপার

ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন, ভাষা সংরক্ষণে বৈশ্বিক উদ্যোগের ঘোষণা

বার্মিংহামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যুক্তরাজ্য প্রতিনিধি
বার্মিংহামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ছবি : কালের কণ্ঠ

বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসের প্রথম পর্বে সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ মিশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে ২১ ফেব্রুয়ারি বিকেলে সহকারী হাইকমিশনে আয়োজিত আলোচনাসভায় বীর মুক্তিযোদ্ধা, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক, ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলর, কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও মিশনের সদস্যরা অংশ নেন। জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ ছাড়া ইউনেসকোর সাধারণ সম্মেলনের সভাপতির ভিডিও বার্তা প্রদর্শিত হয়।

বক্তারা ভাষাশহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলা ভাষার সংরক্ষণ ও প্রসারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি এবং মাতৃভাষায় পরিচিতি প্রদান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।

প্যারিসে ভাষা শহীদদের স্মরণে ইফতার মাহফিল

ফ্রান্স থেকে তানভীর আহমদ তোহা
প্যারিসে ভাষা শহীদদের স্মরণে ইফতার মাহফিল
ছবি : কালের কণ্ঠ

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্স। ভাষা শহীদদের স্মরণে সংগঠনটির উদ্যোগে গার দ্যু নোর এলাকার ঐতিহ্যবাহী পানসী গ্রিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনাসভা ও ইফতার মাহফিল।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করা হয়। বক্তারা তাদের বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং মাতৃভাষা সংরক্ষণে প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্কর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, নাগরিক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ইমরান আহমদ ,অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাবেক সেনা সদস্য মীর জাহান, তরুণ চিন্তক মনোয়ার হোসেন, মানবাধিকারকর্মী তানভীর ওয়াদুদ এবং মহাকাশ বিজ্ঞানী ইকরামুল কবির সালমান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠক শহীদুল ইসলাম, অ্যাক্টিভিস্ট খান খালেদ মাহমুদ, সাইফুল ইসলাম ও আরাফাত রহমান।

বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাঙালির আবেগের দিন নয়; এটি বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার প্রতীক। নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা চর্চা ও দেশীয় সংস্কৃতির বিকাশে প্রবাসীদের আরো কার্যকর উদ্যোগ গ্রহণ সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরো বলেন, প্রবাসে থেকেও ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে এ আয়োজন প্রমাণ করে— বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা সীমান্ত পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে আছে।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা গভীর আবেগ ও শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করেন।
 

মালয়েশিয়ায় গ্রেপ্তার ২২৬ জনের ২২২ জন বাংলাদেশি

মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়ায় গ্রেপ্তার ২২৬ জনের ২২২ জন বাংলাদেশি
সংগৃহীত ছবি

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের বিরুদ্ধে এক অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ২২৬ জনকে গ্রেপ্তার করেছে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এ অভিযান চলে বিকেল ৫টা পর্যন্ত।

এই অভিযানে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় নিবন্ধন (জেপিএন), জনশক্তি বিভাগ (জেটিকে) এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) মোট ৬৪ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ জানান, অভিযানকালে মোট ৩১৬ জন বিদেশি নাগরিকদের তল্লাশি করে ২২৬ জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির মধ্যে বাংলাদেশি রয়েছেন ২২২ জন, ইন্দোনেশিয়ার তিনজন এবং একজন ভারতীয় নাগরিক।

প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ধরা পড়েছে, সেগুলো হলো ব্যক্তিগত নথিপত্র না থাকা, ভিসার মেয়াদ অতিরিক্ত থাকা এবং ভিসার অপব্যবহার। এরা ইমিগ্রেশন আইন, ১৯৬৩ রেগুলেশনের ৩৯(বি) ধারা অনুযায়ী অপরাধ করেছে।

মোহাম্মদ ইউসরি আরো জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের অধীনে ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, মায়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।

মালয়েশিয়ায় ক্রেনের আঘাতে বাংলাদেশি শ্রমিক নিহত

মোহাম্মদ আলী/মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়ায় ক্রেনের আঘাতে বাংলাদেশি শ্রমিক নিহত
ছবি: কালের কণ্ঠ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পেরাক এলাকায় ক্রেনের আঘাতে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটের দিকে সাইন বোর্ড মেরামতের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত বাংলাদেশি রিমোট কন্ট্রোলের সাহায্যে স্পাইডার লিফটটি পরিচালনা করছিলেন। ফুটপাতের ধারে ধাক্কা লেগে ক্রেনটি হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে এবং বাংলাদেশি কর্মীর ওপর উল্টে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ক্রেনটি উল্টে যাওয়ার সময় পাশে থাকা একটি প্রোটন পারসোনা এবং একটি বিএমডব্লিউ ৫২৩আই গাড়ির ওপর আছড়ে পড়ে। তবে সৌভাগ্যবশত গাড়ি দুটির ভেতরে থাকা কেউ আহত হননি।

বিষয়টি নিশ্চিত করে কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মো. ঈসা জানিয়েছেন, ঘটনাটি সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান এবং ক্রেন মালিকের পরিচয় শনাক্তের কাজ চলছে। কুয়ালালামপুর সিটি হলের পক্ষ থেকে কাজের কোনো বৈধ পারমিট ছিল কি না, তাও যাচাই করা হচ্ছে। এ ছাড়া সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করার চেষ্টা চলছে। এদিকে, পুলিশ এই ঘটনা সম্পর্কে কোনো প্রত্যক্ষদর্শী বা তথ্য থাকলে নিকটস্থ থানায় বা ট্রাফিক পুলিশের ০৩-২০৭১ ৯৯৯৯ হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।