যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সাংস্কৃতিক সংগঠন শিলালিপি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র। এ উপলক্ষে পুরান ঢাকার ওয়ারীর লারমিনি স্ট্রিটে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে ছিল নানা আয়োজন।
আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ দলীয় পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কেন্দ্রের উপপরিচালক মৌসুমী আক্তার মনিকার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট চিত্রশিল্পী ও কেন্দ্রের পরিচালক উত্তম কুমার রায়। শিশুদের সংস্কৃতিমনষ্ক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করতে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করে। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।





