• ই-পেপার

শ্রীমঙ্গলে ১৯৭১ সালের অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

গফরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি, মতবিনিময় ও ইফতার করেছেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সস্ত্রীক সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি সকল দপ্তরের কর্মকর্তার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংসদ মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু কৃতজ্ঞতা প্রকাশ করে গফরগাঁওয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। পরে তিনি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

দুর্গাপুরে রাতের আঁধারে দুই পান বরজে আগুন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
দুর্গাপুরে রাতের আঁধারে দুই পান বরজে আগুন
ছবি: কালের কণ্ঠ

রাজশাহী দুর্গাপুর উপজেলায় দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাষীর প্রায় দুই বিঘা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পান বরজে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এদিকে ক্ষতিগ্রস্ত চাষীদের দাবি পুকুর খননের জমি না দেওয়ায় শত্রুতা করে পান বরজে আগুন ধরিয়ে দিয়েছে একটি পক্ষ। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি বরজের পান পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে- অগ্নিকাণ্ডের সময় এলাকার মসজিদে এশার নামাজ শেষে তারাবির নামাজও শেষ পর্যায়ে। এসময় স্থানীয় লোকজনের আগুন-আগুন চিৎকারে সবাই এসে দেখে পানের বরজে আগুন জ্বলছে। এতে যে যার মতো করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুনে উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের এক বিঘা ও পারিলা গ্রামের গোলাম নবী ১৮ কাঠা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়।

এই দুই পান চাষীর দাবি- তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা আগামী ঈদের কেনা কাটা ছাড়াও চৈত্র মাসে ভালো দামের আসায় পানগুলো রেখেছিলেন। কিন্তু তাদের চোখের সামনে পানগুলো পুড়ে ছায় হয়ে গেল। 

এ বিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারকর্মী মোহাম্মদ আলী বলেন, ‘আগুন নিভে যাওয়ার খবরে আমরা রাস্তা থেকে ফিরে আসি।’

এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনো বলা যাচ্ছে না-কিভাবে আগুন লেগেছে পানের বরজে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

নাটোরে বিএনপির কার্যালয় ভাঙচুর

নাটোর প্রতিনিধি
নাটোরে বিএনপির কার্যালয় ভাঙচুর
ছবি : কালের কণ্ঠ

নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ হামলা করা হয়।

ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান, কাসেমসহ আরো বেশ কয়েকজন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে চলে যায়। আমি এ ঘটনার নিন্দা এবং বিচারের দাবি জানাই।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘ছাতারভাগ এলাকায় তেমন কোনো বড় ঘটনা ঘটেনি এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি।’

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ফতুল্লায় যুবক খুন

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ফতুল্লায় যুবক খুন
নিহত মো. ইমন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মো. ইমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মাসদাইর মিস্তিরিবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ইমন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের ওমর খৈয়ামের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার মাসদাইর ঘোষবাগ এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে মাসদাইর হাজীর মাঠ এলাকায় ইমন ও তার সহযোগীদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী জাহিদ গ্রুপের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জাহিদ ও তার লোকজন ইমনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান কালের কণ্ঠকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।