মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি বায়ান্নর মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রভাতফেরি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাস গেট থেকে প্রভাতফেরি যাত্রা শুরু করে তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর সাউথইস্ট বোর্ড অব ট্রাস্ট অফিস, উপাচার্য, উপ-উপচার্য, রেজিস্ট্রার ও অন্যান্য প্রশাসনিক অফিস, সকল অনুষদ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
আলোচনা পর্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.) এবং অনুষ্ঠানের আহ্বায়ক ও আর্কিটেক্ট বিভাগের প্রধান ড. মাসুদ উর রশীদ। বক্তারা তরুণ প্রজন্মের মাঝে বাংলাদেশের অভ্যুদয়ে বায়ান্নর ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
সাংস্কৃতিক পর্বে নাটক, আবৃতি, নৃত্য ও গান উপস্থাপন করে সাউথইস্ট ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের সদস্যরা। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, বিভিন্ন ক্লাবের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাথীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




