
গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের রোজা
<li>গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের প্রয়োজন বাড়তি পুষ্টি ও পানি। তাই কিছু ক্ষেত্রে রোজা রাখা তাঁদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের রোজা পালনে বাড়তি সতর্কতা প্রয়োজন। এ নিয়ে লিখেছেন ডা. নাশফিয়া তাহসিন খান</li>
ফুড পয়জনিং হলে করণীয়

লিন ডায়াবেটিস
অপুষ্টিজনিত ডায়াবেটিস
প্রচলিত ধারণা, যাদের ওজন বেশি তাদের ডায়াবেটিস হয়। দেহের সঠিক ওজন থাকলেও অনেকের ডায়াবেটিস হতে পারে, মেডিক্যাল ভাষায় যার নাম লিন ডায়াবেটিস। কেন হয় এ রোগ, প্রতিকারে করণীয় কী? জানিয়েছেন ডা. মো. মাজহারুল হক তানিম

যাদের দেহের ওজন বেশি, ক্লিনিক্যালি তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। তবে দক্ষিণ এশিয়ায় প্রায় ৪০ শতাংশ ডায়াবেটিক রোগী স্থূলকায় নন, হালকা বা শুকনা দেহের অধিকারী। এদের বলা হয় ‘লিন’, সেই সূত্রে এমন রোগীদের ডায়াবেটিসের নাম ‘লিন ডায়াবেটিস’। বিশ্বের প্রায় দুই কোটি ৫০ লাখেরও বেশি মানুষ এ রোগে ভুগছে। দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় এর প্রাদুর্ভাব অপেক্ষাকৃত বেশি। চিকিৎসকের ধারণা, আমাদের দেশে প্রতিনিয়ত বাড়ছে এমন রোগীর সংখ্যা। এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার নেপথ্য কারণ নিয়ে গবেষণা চলমান।
লিন ডায়াবেটিস কী
দেহের উচ্চতা ও ওজনের অনুপাতকে বলা হয় বডি ম্যাস ইনডেক্স (বিএমআই)। চিকিৎসাবিজ্ঞানের চোখে কেউ মোটা বা চিকন কি না শনাক্ত করার জন্য এটি ব্যবহৃত হয়। যেসব ডায়াবেটিক রোগীর বিএমআই ১৮.৫ কেজি/মি২-এর কম এবং ডায়াবেটিসের কারণ দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স নয়, বরং ইনসুলিন উৎপাদনে ঘাটতি, সেসব ক্ষেত্রে লিন ডায়াবেটিস বলা হয়ে থাকে। এ ধরনের ডায়াবেটিস হলে রোগীর অগ্ন্যাশয় সঠিক মাত্রায় ইনসুলিন তৈরি করতে পারে না। এসব রোগীর দেহে ইনসুলিন সেনসিটিভিটি স্বাভাবিকের তুলনায় বেশি থাকে এবং শরীরে পেশি থাকে তুলনামূলক কম।
কেন হয় লিন ডায়াবেটিস
বিশেষজ্ঞদের মতে, লিন ডায়াবেটিসের মূল কারণ অপুষ্টি। সঠিক মাত্রায় পুষ্টি না পেলে বাড়ন্ত শিশুদের দেহের গঠন বাধাপ্রাপ্ত হয়, যার প্রভাব বয়ে বেড়াতে হয় আজীবন। পুষ্টির অভাবে অগ্ন্যাশয়ের মধ্যে থাকা ইনসুলিন উৎপাদনকারী ‘বিটা’ কোষ ঠিকমতো গঠন হয় না। ফলে এর কার্যকারিতা হ্রাস পায়, সৃষ্টি হয় ইনসুলিন ঘাটতিজনিত ডায়াবেটিস। এ রোগের প্রাদুর্ভাব উন্নয়নশীল দেশে অপেক্ষাকৃত বেশি দেখা যায়।
উপসর্গ
► এ ধরনের রোগীরা সাধারণত শীর্ণকায় হয়ে থাকে। ১৮.৫ কেজি/মি২-এর কম হয় বিএমআই।
► টাইপ-২ ডায়াবেটিক রোগীদের মতো মেদবহুল না হলেও এসব রোগীর পেটে অস্বাভাবিক চর্বি থাকতে পারে।
► রক্তে ইনসুলিনের ঘাটতি দেখা যায়।
► দারিদ্র্যে বেড়ে ওঠার ইতিহাস।
► ডায়াবেটিসের পাশাপাশি হৃদরোগের ঝুঁকি বেশি থাকতে পারে।
► রোগীর দেহে সি-পেপটাইড (c-peptide) থাকে স্বাভাবিক অথবা কিছুটা কম মাত্রার।
► লিন ডায়াবেটিস সাধারণত ৪০ বছরের কম বয়সে দেখা দেয়। পুষ্টিহীনতা থাকলে ৩০ বছরেরও কম বয়সে দেখা দিতে পারে।
► অল্পবয়সী রোগীদেরও ইনসুলিন গ্রহণের প্রয়োজন হতে পারে।
টাইপ-১ ডায়াবেটিসে নয়
ইনসুলিন গ্রহণ ছাড়া লিন ডায়াবেটিসের চিকিৎসা করা যায় না। এ কারণে টাইপ-১ ডায়াবেটিসের সঙ্গে এর মিল রয়েছে। অনেক ক্ষেত্রে চিকিৎসক এটিকে টাইপ-১ ডায়াবেটিস হিসেবে শনাক্ত করতে পারেন। তবে দুটি রোগের মধ্যে বড় পার্থক্য রয়েছে। লিন ডায়াবেটিসের ক্ষেত্রে রোগীর কিটো এসিডোসিস হবে না, পারিবারিক ইতিহাসে ডায়াবেটিক রোগী থাকার আশঙ্কা কম এবং দেহে সি-পেপটাইডের মাত্রা স্বাভাবিক থাকবে। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে অটো ইমিউন ডিজিজের সঙ্গে এটি তফাত করা যায়।
চিকিৎসা
সঠিক মাত্রায় পুষ্টি গ্রহণ নিশ্চিত করা জরুরি। রোগীর খাবারের তালিকায় পর্যাপ্ত পরিমাণ আমিষ থাকতে হবে। শস্যদানা ও চর্বিও থাকতে হবে পরিমাণমতো। মাইক্রোনিউট্রিয়েন্টস; যেমন—ভিটামিন বি১২, ভিটামিন ডি এবং আয়রনের ঘাটতি আছে কি না, সেটি নজরে রাখতে হবে। অন্যান্য ডায়াবেটিসের মতো ক্যালরি গ্রহণ খুব বেশি কমানো যাবে না। দেহের ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে রেজিস্ট্যান্স ব্যায়াম (Resistance exercise) করা যেতে পারে। অ্যারোবিক ব্যায়াম করলে দেহের বিপাকক্রিয়া (মেটাবলিজম) এবং হৃদযন্ত্রেরও উপকার হবে। নিয়মিত ইনসুলিন গ্রহণ এ রোগের সর্বোত্তম চিকিৎসা। তবে রোগের প্রকোপ অনুযায়ী অনেক সময় ইনসুলিন নিঃসরণ বাড়ায় এমন ওষুধেও উপশম হতে পারে।
লেখক : ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ
ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল
রমজানে দাঁতের প্রয়োজন বিশেষ যত্ন
ডা. ফারজানা আখতার কেয়া

আত্মশুদ্ধি ও সংযমের পবিত্র মাস রমজান। রোজা পালনের জন্য সারা দিন একটানা খাওয়াদাওয়া বন্ধ থাকায় স্বাভাবিক নিয়মেই আমাদের মুখগহ্বরের স্বাস্থ্যে কিছু পরিবর্তন ঘটে। লালা নিঃসরণ বন্ধ হয়ে মুখ শুকিয়ে যায়, তৈরি হয় হালকা দুর্গন্ধ এবং কিছু ক্ষেত্রে মাড়ির সংবেদনশীলতাও বৃদ্ধি পায়। এ সময় কিছু নিয়ম মেনে চললে রোজা পালন করেও সহজেই দাঁত ও মাড়ি সম্পূর্ণ সুস্থ রাখা সম্ভব। রমজানে মুখের স্বাস্থ্য ধরে রাখতে করণীয় নিয়ে আজকের লেখা।
► ডা. ফারজানা আখতার কেয়াইফতারের পরে অবশ্যই ব্রাশ করুন : সাহরি ও ইফতারের শেষে ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে অন্তত দুই মিনিট সময় নিয়ে দাঁত ব্রাশ করুন। দাঁতের পাশাপাশি পরিষ্কার করুন জিহ্বা। মুখের দুর্গন্ধের একটি বড় কারণ জিহ্বায় জমে থাকা ব্যাকটেরিয়া।
► মিসওয়াক ব্যবহার নিরাপদ : রোজা অবস্থায় মিসওয়াক ব্যবহার করা যায়। এটি দাঁত ও মাড়ির স্বাস্থ্য ধরে রাখতে উপকারী।
► নিয়মিত ফ্লসিং করুন : দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা পরিষ্কার করতে ফ্লসিং জরুরি। ইফতারের পর বা ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার পাশাপাশি ডেন্টাল ফ্লস ব্যবহার করুন।
► পর্যাপ্ত পানি পান : মুখের শুষ্কতা কমাতে এবং লালা নিঃসরণ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পানি পান করতে হবে। দাঁতের সুরক্ষায় লালা নিঃসরণ নিশ্চিত করা জরুরি। ইফতার থেকে সাহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন।
► এড়িয়ে চলুন মিষ্টি খাবার ও কোমল পানীয় : ইফতারে অতিরিক্ত মিষ্টি খাবার, শরবত ও কোমল পানীয় গ্রহণ করলে দাঁতের এনামেল ক্ষয়ে যেতে পারে। এর ফলে সৃষ্টি হতে পারে শিরশিরে অনুভূতি ও সংবেদনশীলতা। মিষ্টিজাতীয় খাবার গ্রহণের পর কুলি করা বা সম্ভব হলে ব্রাশ করা উত্তম।
► দুর্গন্ধ নিয়ে দুশ্চিন্তা নয় : রোজা অবস্থায় মুখে অল্পবিস্তর গন্ধ হওয়া স্বাভাবিক। পাকস্থলী খালি থাকায় এমনটা হতে পারে। নিয়মিত ব্রাশ, মিসওয়াক ও পর্যাপ্ত পানি গ্রহণে এ সমস্যা অনেকাংশে কমে যায়।
► দন্ত চিকিৎসকের পরামর্শ নিন : রমজানের আগে বা পরে অন্তত একবার হলেও রেজিস্টার্ড দন্ত চিকিৎসকের মাধ্যমে দাঁত ও মাড়ি পরীক্ষা করানো উচিত। এতে দাঁত ও মুখের যেকোনো সমস্যা জটিল আকার ধারণ করার আগেই দ্রুত শনাক্ত করা যায় এবং সহজেই সেটির চিকিৎসা সম্ভব হয়।
আত্মার পরিশুদ্ধির পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতার সময় পবিত্র মাহে রমজান। তাই মুখ ও দাঁতের সঠিক যত্ন নেওয়ার রুটিন তৈরি করার উত্কৃষ্ট সময় এটি। সঠিক নিয়ম মেনে চললে রোজার মাসেও আপনার হাসি থাকবে সতেজ এবং আত্মবিশ্বাস থাকবে অটুট। দাঁত বা মাড়ির কোনো সমস্যা হলে দেরি না করে দন্ত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, হাসিখুশি থাকুন।
লেখক : ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন
ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল

