নেত্রকোনার বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার ও কিশোরীর গর্ভে জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব রাষ্ট্রের গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার দুপরের দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বারহাট্টা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, প্রায় ১০-১১ মাস আগে বারহাট্টা উপজেলার চন্দ্রপুর-লাম্বাপাড়া গ্রামের কিবরিয়া (২৮) ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। কিন্তু এই দীর্ঘ সময়েও আসামি কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়নি। আগামী সাত দিনের মধ্যে কিবরিয়াকে গ্রেপ্তার, ডিএনএ টেস্ট ও ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির দায়িত্ব রাষ্ট্রের গ্রহণ করতে হবে।

