সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে পদত্যাগ করেছিলেন বিচারপতি নাইমা হায়দার। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের এসংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি নাইমা হায়দার সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা ৮ মোতাবেক স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বিচারপতি নাইমা হায়দার। চব্বিশের গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই বছর ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান ও বিক্ষোভের মুখে হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত জানান তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর থেকে তাদের বিচারকাজ থেকে বাইরে রাখা হয়। এই ১২ জন বিচারপতির মধ্যে বিচারপতি নাইমা হায়দারও ছিলেন।
সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, বিচারকাজ থেকে সরিয়ে দেওয়ার পর তিনি ছুটিতে ছিলেন। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত চলছিল।







