• ই-পেপার

মহেশপুরে চাঁদাবাজি বন্ধের ঘোষণা

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার দাবি

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার দাবি

নেত্রকোনার বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার ও কিশোরীর গর্ভে জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব রাষ্ট্রের গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার দুপরের দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বারহাট্টা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, প্রায় ১০-১১ মাস আগে বারহাট্টা উপজেলার চন্দ্রপুর-লাম্বাপাড়া গ্রামের কিবরিয়া (২৮) ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে।  কিন্তু এই দীর্ঘ সময়েও আসামি কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়নি। আগামী সাত দিনের মধ্যে কিবরিয়াকে গ্রেপ্তার, ডিএনএ টেস্ট ও ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির দায়িত্ব রাষ্ট্রের গ্রহণ করতে হবে।

 

নড়িয়ায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি
নড়িয়ায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

রমজানে নিয়মিত বাজার ও খাদ্যপ্রতিষ্ঠান তদারকির অংশ হিসেবে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার বাজারে সমন্বিত অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর। এতে অংশ নেয় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল। অভিযান সূত্রে জানা গেছে, সোমবার নড়িয়ার গোলার বাজারে অভিযানকালে ছয়টি দোকান  থেকে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া বাজারসংলগ্ন সরদার বেকারিতে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ হাইড্রোজ, টেক্সটাইল ডাই ও অনুমোদনহীন কেমিক্যাল পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটির যথাযথ কর্তৃপক্ষের কোনো নিবন্ধন ছিল না। এ কারণে বেকারিটির মালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য বলেন, বেকারি, মিষ্টি ও ফলের দোকানে বিভিন্ন অসংগতি পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

 

পুলিশকে হুমকি মামলায় বিএনপি সভাপতির জামিন

হবিগঞ্জ প্রতিনিধি
পুলিশকে হুমকি মামলায় বিএনপি সভাপতির জামিন

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার জামিন পেয়েছেন। গতকাল সোমবার দুপুরে পুলিশ তাঁকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিনের আদালতে হাজির করা হলে অস্থায়ী জামিন পান তিনি। এর আগে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তুষারকে আদালতে সোপর্দ করা হয়। হবিগঞ্জ আদালতের পরিদর্শক সোহেল রানা জানান, পাঁচ হাজার টাকা বেইল বন্ডে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের জামিন মঞ্জুর করা হয়েছে। আটকের আগে দেওয়া এক ভিডিও বার্তায় ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার দাবি করেন, তাঁর ম্যানেজারকে উদ্দেশ করে বলা কথা এডিট করে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।

 

রাজৈরে পাঁচটি খাল খননের কাজ উদ্বোধন

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
রাজৈরে পাঁচটি খাল খননের কাজ উদ্বোধন

মাদারীপুরের রাজৈরে পাঁচটি খাল খনন কাজের উদ্বোধন করেছেন মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। গতকাল সোমবার দুপুরে উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি থেকে আমগ্রাম পর্যন্ত ১৫ কিলোমিটার খাল খননের উদ্বোধন করা হয়। এ সময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক, সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়াসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাঁচটি খাল খননে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৪৮ লাখ টাকা। এই খাল খননে বর্ষা মৌসুমে উপকৃত হবেন পাট চাষিরা।